

লক্ষ্মীপুর জেলায় অসহায় ব্যক্তিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে মো. বাবুল নামের এক সরকারি কর্মচারী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধরের একপর্যায়ে বাবুলকে ছুরিকাঘাত করা হয়।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই বাবুলের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
আহত বাবুল লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (এমএলএসএস) অফিস সহকারী ও উত্তর বাঞ্চানগর ছেরাগ আলী জমাদার বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্র, ভুক্তভোগী বাবুল এবং অভিযুক্ত জুয়েল ও শান্ত সম্পর্কে প্রতিবেশী। জুয়েল-শান্ত তাদের বাবা ইসমাইলকে খাবার দেন না। প্রায়ই তারা তাকে মারধর করেন। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুঁটিনাটি কাজ করে দেন এবং খাবার খান। এতে বিভিন্ন সময় বাবুলকে শান্ত ও জুয়েল মারধরের হুমকি দেন। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনের চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com