

নিজস্ব প্রতিবেদক :
নোটিশ জারির পরও সম্পদ বিবরণী দাখিল না করায় চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একইসঙ্গে তার বিরুদ্ধে ৩ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫'শ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
আজ বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, মেসার্স শান্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে রাজধানীর কাকরাইলে। যার মালিক শান্ত খান।
দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে গত ২৩ এপ্রিল তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল। কিন্তু তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। সময় চেয়ে আবেদনও করেননি। কমিশনের আদেশ অনুযায়ী সম্পদ বিবরণী দাখিল না করে তিনি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, শান্ত খানের আয়ের চেয়ে অতিরিক্ত সম্পদ বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় তিন কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫'শ টাকার।
তার বাড়ি চাঁদপুর জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম সেলিম খান। তিনি চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান।
এর পূর্বে সেলিম খানের বিরুদ্ধে ২০২২ সালের ১ আগস্ট ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৭ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। ওই মামলার তদন্ত চলছে বলে জানা যায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com