
নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার অবৈধ একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ওই ভাটার কিলন ও চিমনি ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে।
গত রোববার দুপুরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের যমুনা ব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে এ অভিযান চালানো হয়েছে।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে কার্যক্রম চালাচ্ছিল যমুনা ব্রিকস। তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি।
এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আনসার সদস্যরা।
