

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে মেহেরিন নাহার তানিশা নামে এক তরুণীকে অপহরণের অভিযোগে তাঁর পরিবার মামলা করলেও ওই তরুণী দাবি করেছেন, তাঁকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে পূর্বপরিচিত নিজাম উদ্দিন শুভকে বিয়ে করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তানিশা। এ সময় তাঁর স্বামী ব্যবসায়ী নিজাম উদ্দিন শুভ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তানিশা বলেন, ‘গত ৪ ডিসেম্বর রাতে আমি নিজ ইচ্ছায় বাসা থেকে বের হয়ে শুভর সঙ্গে ঢাকায় যাই। সেখানে আমরা আদালতে গিয়ে বিয়ে করি (কোর্ট ম্যারেজ)। এখন আমার মা–বাবা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা করেছেন। এতে আমার শ্বশুরবাড়ির লোকজন হয়রানির শিকার হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না মামলাটি সামনে এগিয়ে যাক। আমি স্বেচ্ছায় গিয়েছি, এতে শুভ বা তাঁর পরিবারের কোনো দোষ নেই। আমার মা–বাবার কাছে অনুরোধ, তাঁরা যেন আমাদের বিয়েটা মেনে নেন এবং কাউকে হয়রানি না করেন।’
তানিশা কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের তাহের আহমেদের মেয়ে। তাঁর স্বামী নিজাম উদ্দিন শুভ একই উপজেলার উত্তর চরলরেঞ্চ গ্রামের হাবিব উল্যার ছেলে।
নিজাম উদ্দিন শুভ বলেন, ‘তানিশার সঙ্গে আমার প্রায় এক বছরের সম্পর্ক ছিল। পরিবার তাঁকে অন্য জায়গায় বিয়ে দেয়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিজেই বাড়ি থেকে বের হয়ে আমাকে ফোন দেয়। পরে আমরা বিয়ে করি। এখন তার পরিবার আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা চাই, মামলাটি প্রত্যাহার করে দুই পরিবার আমাদের সম্পর্ক মেনে নিক।’
এ বিষয়ে মামলার বাদী ও তানিশার মা মরিয়ম বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মামলায় তিনি উল্লেখ করেছেন, শুভসহ অভিযুক্তরা সিএনজিচালিত অটোরিকশায় করে জোরপূর্বক তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ‘তানিশাকে থানায় আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তিনি যদি আমাদের মাধ্যমে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য দেন, তাহলে বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি সহজ হবে।’
প্রসঙ্গত, মেহেরিন নাহার তানিশাকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে তাঁর মা মরিয়ম বেগম গত ৪ ডিসেম্বর কমলনগর থানায় একটি মামলা করেন। মামলায় নিজাম উদ্দিন শুভসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com