অতিভারি বৃষ্টির পূর্বাভাস: নতুন করে চার জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ অবস্থায় আগামী তিন দিনের অতিভারি বৃষ্টিপাতে নতুন করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (২ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং দেশের ভেতরে হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগামী তিন দিন এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদী সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল দ্রুত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় দিনের মধ্যে কুশিয়ারা নদীর কিছু পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

নেত্রকোনা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তবে জেলার হাওরাঞ্চলের নিম্নভূমিতে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা নেত্রকোনার হাওরাঞ্চলে নতুন করে প্লাবনের ঝুঁকি তৈরি করবে।

এদিকে হবিগঞ্জ জেলার খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজার জেলার মনু ও জুড়ি নদীর পানি সমতলও বাড়ছে। পূর্বাভাসে বলা হয়েছে, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি মনু নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে মৌলভীবাজার জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হাওরাঞ্চলের নিম্নভূমিতে বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং স্বল্প সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই আগাম সতর্কতা ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।