২০ বছরে গুগল ট্রান্সলেট: এবার উচ্চারণ শেখাবে এআই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় অনুবাদ মাধ্যম গুগল ট্রান্সলেট তাদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন একটি এআই–চালিত ফিচার যুক্ত করেছে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন শুধু অনুবাদই নয়, বিদেশি ভাষার সঠিক উচ্চারণও অনুশীলন করতে পারবেন।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই এমন একটি ফিচারের দাবি ছিল। নতুন ‘প্রোনানসিয়েশন প্র্যাকটিস’ সুবিধার মাধ্যমে অনুবাদ করা শব্দ বা বাক্য কীভাবে সঠিকভাবে বলতে হয়, সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাবে।

যেভাবে কাজ করবে

গুগল ট্রান্সলেটে কোনো শব্দ বা বাক্য লিখলে তার নিচে ‘প্র্যাকটিস’ নামে একটি বাটন দেখা যাবে। ব্যবহারকারী প্রথমে সেই বাটনে চাপ দিয়ে সঠিক উচ্চারণটি শুনতে পারবেন। এরপর ফোনের মাইক্রোফোন ব্যবহার করে নিজে উচ্চারণ করলে গুগলের এআই তা বিশ্লেষণ করবে।

উচ্চারণ সঠিক হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার পাশাপাশি কোন অংশে ভুল হচ্ছে, সেটিও চিহ্নিত করে দেবে এই ফিচার। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের উচ্চারণ দক্ষতা উন্নত করতে পারবেন।

প্রাথমিক সীমাবদ্ধতা

নতুন এই ফিচারটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন। বর্তমানে ইংরেজি, হিন্দি ও স্প্যানিশ—এই তিনটি ভাষায় উচ্চারণ অনুশীলনের সুবিধা থাকছে। ভবিষ্যতে আইওএসসহ অন্যান্য প্ল্যাটফর্ম ও ভাষায় এটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে গুগল।

২০ বছরের পথচলা

২০০৬ সালের এপ্রিলে অল্প কয়েকটি ভাষা নিয়ে যাত্রা শুরু করেছিল গুগল ট্রান্সলেট। সময়ের সঙ্গে এটি বিশ্বের অন্যতম ব্যবহৃত অনুবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ২৫০টি ভাষা সমর্থন করে এবং প্রতি মাসে বিশ্বের এক বিলিয়নের বেশি মানুষ এই সেবা ব্যবহার করছেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই উচ্চারণ অনুশীলন ফিচার গুগল ট্রান্সলেটকে শুধু অনুবাদ টুল নয়, বরং একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে।