
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না হলেও সমাজে পরামর্শকের ভূমিকা পালন করছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের নতুন জেলা কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, “হেফাজতের পক্ষে অনেকেই নির্বাচন করতে চান—এই প্রশ্ন উঠেছে, উঠতেই পারে। কারণ হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। তবে এর মধ্যে অনেক রাজনৈতিক দলের লোকজন আছেন। তারা পরামর্শ দেন, সেই পরামর্শ সমাজে গ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, “হেফাজতে ইসলাম সবার জন্য অভিভাবকসুলভ পরামর্শদাতার ভূমিকা পালন করছে। সেই গাইডলাইন নেওয়ায় আমাদের কোনো আপত্তি নেই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, “তিনি ইসলাম, দেশ, সমাজ ও পার্শ্ববর্তী দেশ নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তাঁর প্রতিটি কথায় ছিল বিশ্লেষণ। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ—এতেই নিহিত গণতন্ত্র, সমাজ ও মানবিকতা।”
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহের। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হেফাজতের জেলা সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী।
