
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : হাদি হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র–জনতা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ সময় তাঁরা হাদি হত্যার ২৪ দিন পার হলেও প্রকৃত আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাঁদের ভাষায়, ‘হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হতে পারে।’ একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তাঁরা।
বিক্ষোভের কারণে ঝুমুর বিজয় চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও দোষীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাঁরা জানান, দাবি আদায় না হলে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
