
নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে হঠাৎ করে মাছ মরে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে এই ঘটনা প্রত্যক্ষ করছেন স্থানীয়রা।
জানা গেছে, সীমান্ত এলাকা শিবচণ্ডী থেকে কয়েক কিলোমিটার জুড়ে করতোয়া নদীতে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটছে। এলাকার হাজার হাজার মানুষ এই মাছ সংগ্রহ করছেন। তবে মাছ মরে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।
অনেকে বলছেন, নদীতে মাছ মরে যাওয়ার জন্য বিষাক্ত কীটনাশক অথবা মাছ শিকারের অবৈধ ট্যাবলেট ছিটানো হয়েছে।
স্থানীয়রা জানান, সব ধরনের মাছ মরে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে ভজনপুর এবং দেবনগর ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ নদীতে মাছ ধরতে নামেন।
তারা জানান, করতোয়ার ভারতীয় অংশ থেকে মাছ মরে যাওয়া শুরু করে। একটি অভয়াশ্রমেরও মাছ মরে গিয়ে ভাসতে থাকে। পরে কয়েক কিলোমিটার জুড়ে মরা মাছ ভাসতে দেখা যায়। দুই থেকে পাঁচ কেজি ওজনের বড় মাছ থেকে শুরু করে দেশি পুঁটি, বৈরালী, বাইন, মিঠাপানির চিংড়ি, কালবাউশ, রুই, শোল, বোয়াল, কাতলাসহ নানা জাতের দেশি মাছ মরে যাচ্ছে।
করতোয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, সবধরনের মাছ মরে যাচ্ছে। মাছ ধরাই আমাদের পেশা। এই সময় মা মাছ ডিম দেয়। মাছের বংশ বৃদ্ধি হয়। এই সময়ে মাছ মরে যাওয়ার ঘটনায় আমরা বিপদে পড়েছি।
তিনি বলেন, বিষাক্ত কীটনাশক অথবা ট্যাবলেট ছিটানোর কারণেই হয়তো মাছ মরে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত। সেই সঙ্গে মাছ সংরক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠন কারিগরের সভাপতি সরকার হায়দার জানান, হঠাৎ করেই মাছ মরে যাওয়ার ঘটনাটি বেদনাদায়ক। শুধু মাছ নয়, জলজ প্রাণীও মারা যাচ্ছে। করতোয়া নদীর মাছ এই জেলার লক্ষ লক্ষ মানুষের আমিষের চাহিদা মেটায়। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অবশ্যই ঘটনাটির তদন্ত হওয়া উচিত। সেই সঙ্গে আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্য সুব্যবস্থা নেয়া উচিত। এখন পর্যন্ত যে মাছগুলো বেঁচে আছে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া উচিত।
