
লক্ষ্মীপুর জেলায় ৯ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার সুইটিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করছেন সহপাঠী ও আত্মীয় স্বজনেরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধনে শিক্ষক ও স্বজনেরা জানান, ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ভোর ৪টার দিকে রামগতি উপজেলার চর রমিজ এলাকায় বাড়ির জানালা দিয়ে সামিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে দগ্ধ হয় সামিয়া।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের খুঁজে গ্রেপ্তারের অভিয়ান চলছে। কী কারণে এই ঘটনাটি ঘটেছে তার রহস্যও উদঘাটন চলছে।
