
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা তখন মানুষের মাঝে স্বস্তি ফিরাতে সুলভ মূল্যে সবজি বিক্রি করছে ছাত্ররা।
রোববার সকাল থেকে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন আদালত রোডে এ কার্যক্রম শুরু করা হয়।
সুলভ মূল্যে সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলসহ ছাত্র ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
জানা যায়, ইউর ব্যাটম্যানের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগিতা প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে বিক্রি করছে ছাত্ররা।
এতে পাওয়া যাচ্ছে লাউ, মিস্টি কুমড়া, টমেটো, মরিচ, মুলা, বেগুন, পেঁপে, লাল শাক, শসা, শসিন্দা, লতি, করলা, পুই শাকসহ অন্যান্য সবজি।
বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা তাদের।
ক্রেতারা বলেন, বাজারে যে লাউ ৮০-১০০টাকায় বিক্রি হয় সেটা এ সুলভ মূল্যের দোকানে ৪০-৫০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও কম দামে পাওয়া যাচ্ছে। এধরণের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এটি যেন চলমান থাকে।
আয়োজকরা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির মূলে রয়েছে সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে আনছি এবং বিনা লাভে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি। আজ আমাদের কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান থাকবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের অন্যতম এজেন্ডা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ক্রয় করতে পারে। এ লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। আজকে ছাত্রদের এমন আয়োজন প্রশংসনীয়। এমন কর্মসূচি শুধু সদরে নয়, পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে। যাতে কোন সংকট তৈরি না হয়। জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
