সাতক্ষীরা কালিগঞ্জে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এই সভায় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সরকারি দায়িত্বে থেকে আমরা জনগণের জন্য সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করতে চাই। সাতক্ষীরা জেলার মানুষকে উদ্বুদ্ধ করে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো ভূমিকা রাখব। এক্ষেত্রে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা দল-মত বুঝি না, সরকার নির্দেশিত যাবতীয় কার্যক্রমে যথাযথ দায়িত্ব পালন করতে চাই। কালিগঞ্জের বিভিন্ন কাঁচা রাস্তা, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, ভূমি সেবাসহ জনকল্যাণমূলক সকল কাজ আমাদের প্রশাসন দক্ষতার সাথে করবে। এর ব্যত্যয় হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল ইসলাম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহ, রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে জেলা প্রশাসক কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়, মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নলতা কাশিবাটি গ্রামে নিহত শিশু ফারজানা খানমের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।