লক্ষ্মীপুর জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ-র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় শনিবার জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়। মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানোর লক্ষ্যে ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ।

দুপুর ১টায় লক্ষ্মীপুর জেলা সদরের ডা: আব্দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও জাটকা সংরক্ষণ সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, লক্ষ্মীপুর সদর ইউনিয়নের চর রমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।

পরে মজু চৌধুরী হাট ঘাট থেকে নৌ র‌্যালি বের হয়ে মেঘনা নদী প্রদর্শন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা অংশ নেয়।