লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ সিএনজিচালিত অটোরিকশায় উঠে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকের জড়িত থাকার দাবিও করেছেন ভুক্তভোগী।

শনিবার (৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারে অবস্থিত ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী। তিনি জানান, ব্যবসার কাজে তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। এ সময় তিনি স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার একটি চেক পান এবং অবশিষ্ট প্রায় ৩০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে জেলা শহর থেকে হাজির হাটের উদ্দেশ্যে রওনা দেন।

শুভ পোদ্দার আরও জানান, অপরিচিত একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষও ওই অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি পিয়রাপুর এলাকায় পৌঁছালে ওই নারী ও পুরুষ তার মুখ বেঁধে ফেলে এবং একপর্যায়ে সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়। তবে তার পকেটে থাকা ২১ লাখ টাকার চেকটি নেয়নি দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতি (বাজুস) লক্ষ্মীপুরের সভাপতি সমীর কর্মকার বলেন, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।