
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরই শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী নজির রাখলেন এস এম মেহেদী হাসান।
রায়পুর পৌরসভার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান—রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ফুলের তোড়া গ্রহণ বা আনুষ্ঠানিকতা নয়, তিনি নিজেই ক্লাসে উঠে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন। জেলা প্রশাসকের এ উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই জেলা প্রশাসক বিদ্যালয়ে পৌঁছান। পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক পাঠদান, অবকাঠামো ও কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি এক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন। তাঁর আকস্মিক ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে। শিক্ষকরা বলেন, একজন জেলা প্রশাসকের এমন অংশগ্রহণ শিক্ষাবান্ধব প্রশাসনের একটি অনন্য উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা।
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে ঘুরে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান পর্যবেক্ষণ করেন।
স্থানীয়রা বলছেন, জেলা প্রশাসকের এমন আন্তরিক ও সরাসরি অংশগ্রহণ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসন–শিক্ষা ব্যবস্থার দূরত্ব কমাতে সহায়ক হবে।
