
নাজমুল হোসেন: লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ স্টেশন থেকে শুরু করে বাজারের মূল সড়ক হয়ে উত্তর স্টেশন পর্যন্ত এই মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী স্থাপনা বসিয়ে, কিংবা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে চলাচলে বাধা সৃষ্টি ও যানজট তৈরি করায় বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় রাস্তা ও ফুটপাত থেকে ইট, বালিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী অপসারণ করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং লক্ষ্মীপুর পৌরসভার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জনসাধারণের ভোগান্তি লাঘব এবং যানজট নিরসনে জেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
