
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে নাতনিসহ পুত্রবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শাশুড়ি মোবাশ্বেরা বেগম (৬০) শুক্রবার (৭ নভেম্বর) লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, প্রবাসী মোহন হোসেনের স্ত্রী ও মোবাশ্বেরা বেগমের পুত্রবধূ শাহনা আক্তার (২৭) দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। সম্প্রতি তিনি স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শাহনা আক্তার তাঁর ছয় বছরের মেয়ে নুসরাত জাহানকে নিয়ে ঘর থেকে বের হন। সঙ্গে নিয়ে যান স্বামীর সঞ্চিত পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
মোবাশ্বেরা বেগম অভিযোগে আরও উল্লেখ করেন, শাহনার পরিবারের সদস্যরা—পিতা শাহজাহান, মাতা বেগুনী আক্তার, বোন বিউটি আক্তার ও চাচা মোহসেন—এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তারা পূর্বেও বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
