
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর জেলার নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম দায়িত্ব গ্রহণের পরপরই জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম গতিশীল করতে এবং সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে তিনি এই আকস্মিক পরিদর্শন করেন।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহারুল আলমকে লক্ষ্মীপুর জেলার নতুন সিভিল সার্জনের চলতি দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব নেওয়ার পরই তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে নবাগত সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের সাথে আন্তরিক আচরণ এবং হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দায়িত্ব গ্রহণের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করে ডা. মোহাম্মদ বাহারুল আলম বলেন, “সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। লক্ষ্মীপুরের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনাই আমার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে আমি জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
