লক্ষ্মীপুরে তেল মজুত ও অতিরিক্ত ভাড়া আদায়: তিন প্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা। জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, শহরের ফিরোজ আলম ফিলিং স্টেশনে তল্লাশি চালিয়ে তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল নেই বলে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক রেজিস্টার খাতা হালনাগাদ না রাখার বিষয়টিও ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুর বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কয়েকটি যাত্রীবাহী বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। এতে জোনাকি বাস সার্ভিসকে ৬ হাজার টাকা এবং ইকোনো বাস সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, ‘পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত ভাড়া আদায় আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’