লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলা শহরের টাউন হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার মানোন্নয়ন ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ওয়ামী বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন নূর নবী, মাওলানা জহিরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ ও কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ওয়ামী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ১৯ জন, প্রথম গ্রেডে ৪৮ জন এবং সাধারণ গ্রেডে ১৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে এদিন ২৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।