লক্ষ্মীপুরে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। 

উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্রসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন।

প্রতি উপজেলা থেকে একটি করে বিজয়ী দল নিয়ে আয়োজন করা হয় এবারের প্রতিযোগিতা। কলেজ পর্যায়ে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমি, রামগঞ্জ এবং স্কুল পর্যায়ে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় চূড়ান্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার প্রাণবন্ত ফাইনাল পর্ব উপস্থিত সবাই উপভোগ করেন। 

অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবাদী মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন, “বিতর্কচর্চা তরুণ প্রজন্মকে যুক্তিবাদী, শৃঙ্খলাপরায়ণ ও উদার নাগরিক হিসেবে গড়ে তোলে। এই প্রজন্মের মাধ্যমেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ।”

অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।