
মো. ওমর ফারুক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। রায়পুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের ঢাকা কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মণ্ডল।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়।মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় উদ্ভাবক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ২২টি স্টল বসেছে। দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে শুক্রবার (২১ নভেম্বর)।
