রায়পুরে লাগসই প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ২২টি স্টল অংশ নেয়। স্থানীয় উদ্ভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও নতুন প্রজন্মের উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তিগত গবেষণার দর্শকদের সামনে তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার অজয় কান্তি মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম এবং পানি সম্পদ কর্মকর্তা আতাউর রহমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মেহেদী হাসান বলেন, ‘এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্ভাবকদের প্রযুক্তিগুলোকে বিসিএসআইআর–এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যাতে জাতীয় পর্যায়ে এগুলো ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।’

প্রদর্শনী ঘুরে দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল উল্লেখযোগ্য। স্থানীয় প্রযুক্তি উদ্ভাবকদের স্টলগুলো দর্শনার্থীদের আগ্রহ তৈরি করে।