রায়পুরে জমি ও পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত দুই নারীসহ চারজনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লারহাট বাজারের উত্তর পাশে সলিংয়ের মাথা সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি ও পাওনা টাকা নিয়ে ওই এলাকার আলমগীর চৌকিদার এবং সিরাজ ভাণ্ডারীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে এই পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১০ জন আহত হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রায়পুরের চরবংশী হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুর রহমান পুলিশ সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাজীমারা পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাইফুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সিরাজসহ তাঁর পরিবারের সদস্যরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”