
নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর বেলা আড়াইটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। শান্তার মৃত্যুর পর শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের বাড়ীতে হামলা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত শান্তা ইসলাম ওই এলাকার শাকিল খানের স্ত্রী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদরে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে সোহেল ও তার দলবল বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, শান্তা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের দিকে গুলি করা হয়েছে।
এক বার্তায় শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও মহিলারা ছিলো। বাধা দিতে গেলে মহিলা সহ কমপক্ষে ৫-৬ জনকে আহত করে। এবং চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলেী নামে এর আগেও ১০ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, একজন নিহত হয়েছে। এখন সবকিছু বিস্তারিত বলা যাচ্ছেনা। এলাকায় টিম রয়েছে। আমরা কাজ করছি।
