রামগঞ্জে মা–মেয়েকে জবাই করে হত্যা, মূল আসামি পারভেজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় মূল আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৯ অক্টোবর বিকেলে রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—জুলেখা বেগম (৪০) ও তাঁর মেয়ে মীম আক্তার (১৮)। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ নিহত মীমের ফুফাতো ভাই। দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে পারভেজ আর্থিক সংকটে পড়েন। এনজিও ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে থাকায় তিনি মামার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নেওয়ার পরিকল্পনা করেন।

ঘটনার দিন বিকেলে পারভেজ মামার বাড়িতে গিয়ে মামী ও মামাতো বোনকে একা পেয়ে ছুরি দিয়ে হত্যা করেন। এরপর আলমারি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।

পুলিশ সুপার জানান, পারভেজ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে পুলিশ।