
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজারে অনুমোদন ছাড়াই বসানো একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেলার আয়োজক কমিটিকে জরিমানা করা হয়েছে।
সোমবার পুলিশ ও আনসারের সহযোগিতায় উপজেলা প্রশাসন মেলা বন্ধে অভিযান চালায়। অভিযানে মেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেলাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
একই সঙ্গে পুনরায় মেলা চালু না করার মর্মে আয়োজকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ছাড়া মেলার আয়োজক কমিটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
এ ছাড়া উপজেলার নন্দলালপুর বাজারে অনুমোদনহীন কীটনাশক বিক্রির দায়ে দুই দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, অনুমোদন ছাড়া মেলার আয়োজন করায় এটি অবৈধ। অবৈধভাবে লোকসমাগমের সুযোগ নেই। সে কারণেই মেলাটি বন্ধ করা হয়েছে এবং আয়োজকদের জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, এই মেলা বসানোর জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার পর এ ধরনের জমায়েতের সুযোগ নেই। কেউ পুনরায় মেলা বসানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
