পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও চার্জশিট হয়নি, বিচার ও জমি ফেরতের দাবি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ রোকেয়া বেগমকে হত্যার ছয় মাস পার হলেও মামলার চার্জশিট দাখিল হয়নি।

চার্জশিট দ্রুত দাখিল ও দখলকৃত জমি ফেরতের দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্বামী আব্দুর রব আকন, মেয়ে ও মামলার বাদী নাসরিন আক্তারসহ অনেকে। বক্তারা জানান, গত ২৮ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেও ছয় মাসেও মামলার চার্জশিট দাখিল করা হয়নি। বাদীপক্ষের অভিযোগ, জামিনে থাকা আসামিরা এখন তাঁদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

তাঁরা দ্রুত চার্জশিট দাখিল, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদালতের নির্দেশ অনুযায়ী দখলকৃত জমি ফেরতের দাবি জানান।

আইনজ্ঞদের মতে, হত্যা মামলায় তদন্তে বিলম্ব বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার প্রাপ্তির পথে বড় বাধা সৃষ্টি করে।