
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২২ মে) সকালে টেকনাফ ২বিজিবি
ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি টহলদল দায়িত্বপূর্ণ চৌধুরীপাড়া নামক এলাকায় নাফনদী সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সাঁতরে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই লোকালয়ের মধ্য দিয়ে দৌঁড়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তার ভেতর হতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
