
মো : ওমর ফারুক : লক্ষ্মীপুরে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, জনজীবনে খানিকটা দুর্ভোগ।
সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো আবার হালকা মাঝারি বৃষ্টি—এভাবেই চলেছে সারাদিন।
আচমকা এই বৃষ্টিতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা কিছুটা দুর্ভোগে পড়েছেন। ছাতা কিংবা রেইনকোট ছাড়া রাস্তায় বের হওয়া বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
বৃষ্টির কারণে শহরের কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে রায়পুর নতুন বাজার, মাছ বাজার ও বাসস্ট্যান্ড এলাকার কিছু জায়গায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে।
আবহাওয়া অফিস সূত্র : এই বৃষ্টি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে হচ্ছে। আগামী এক-দুই দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “বৃষ্টির কারণে সকাল থেকে দোকানে তেমন বেচাবিক্রি হয়নি। তবে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে।”
