তারাবির নামাজ চলাকালে চন্দ্রগঞ্জ কামারহাটে অগ্নিসংযোগ, পুড়ল ১৩ দোকান; আহত ফায়ার সার্ভিস কর্মী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট এলাকায় তারাবির নামাজ চলাকালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১৩টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের তারাবির নামাজ চলার সময় বাজারের একটি প্রান্তে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানের মালামাল বের করার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসকষ্ট ও হালকা দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। পরে তাঁকে পুলিশের গাড়িতে করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সময় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে দোকানে নতুন পণ্য তোলা হয়েছিল। হঠাৎ আগুনে তাঁদের সব পুঁজি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।