
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহবুবুর রহমানের পক্ষে শুক্রবার বিকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ উপজেলার ফেনারাবক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, ভুতিয়ারপুর গ্রামে বিকাল ৪টায় আয়োজিত উঠান বৈঠকে মাহবুবুর রহমান স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জেলা ও উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন।
মাহবুবুর রহমান বলেন, “হাওরের জলবদ্ধতা নিরসন, সড়ক, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমি জনকল্যাণমূলক কাজে সবসময় আপনাদের পাশে থাকব।” তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উঠান বৈঠকে স্থানীয় নারী ও যুবকরা অংশগ্রহণ করে সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়। মাহবুবুর রহমান নির্বাচিত হলে ধানের শীষ প্রতীক হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
