চাঁদপুর জেলায় সেরা পুলিশের পদক পেলেন শাহরিন হোসেন রানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

পেশাগত কাজে দক্ষতা এবং মাদক উদ্ধারে সর্বোচ্চ ভূমিকা পালন করায় চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক শাহরিন হোসেন রানাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই পুলিশ কর্মকর্তাসহ আরো কয়েকজনকে সম্মাননা পদক প্রদান করা হয়।

সভায় চাঁদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিতকরণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করাসহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

মাসিক অপরাধ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বিভিন্নজনের হারিয়ে যাওয়া সর্বোচ্চ মুঠোফোন উদ্ধারে আলোচনায় ফেরেন উপপরিদর্শক শাহরিন হোসেন রানা।