
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা : কর্ণফুলীতে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা তারান্নুমের সভাপতিত্বে ও ডা. শাশ্বতী দাশের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা রাখার আহবান জানানো হয়।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ অফিসার ফেরদৌসি আক্তার, ব্রাকের জেলা ব্যবস্থাপক নারায়ণ কান্তি নাথ, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, কর্ণফুলী প্রেসক্লাব এডহক কমিটির আহ্বায়ক আবদুল কাইয়ুম, শিক্ষক প্রতিনিধি নাছরিন জান্নাত ডেজী, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মোহাম্মদ সৈয়দ, সাংবাদিক শফিউল আজম, মোঃ আয়াসসহ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
