উগ্রতা এড়িয়ে ধৈর্য ধরার আহ্বান এ্যানি চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত যে সাফল্য, তা ধরে রাখা আমাদের দায়িত্ব। কেউ উগ্র আচরণ করলে বা গায়ে পড়ে ঝগড়া করতে চাইলে বিএনপি সংঘাতে জড়াবে না। এ জন্য নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

রোববার (২৫ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এক দোকানে ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় এসব কথা বলেন এ্যানি চৌধুরী। 

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ও জামায়াতের খুন ও গুমের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন।

এ্যানি চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী। তিনি স্পষ্ট করে বলেছেন, কারা বিরোধিতা করল বা কাকে পাল্টা বিরোধিতা করতে হবে—এসব নিয়ে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। নিজের কাজ বাস্তবতার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরাই বিএনপির রাজনীতি।

এর আগে এ্যানি চৌধুরী শহরের টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একটি সভায় অংশ নেন। পরে তিনি নিজ এলাকা লামচরীতে নুরে মদিনা তাহফিজুল কোরআন হিফজ মাদরাসার একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং সেখানে বক্তব্য দেন।

অনুষ্ঠানগুলোতে এ্যানি চৌধুরী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। তাঁদের অনুপস্থিতিতে এখন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও লক্ষ্মীপুর গড়ে তোলার সংগ্রাম চলছে।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন উপস্থিত ছিলেন।