
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মধ্যে ১০ মেট্রিক টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার লবণ বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদ আলম রানা।
এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার মোট ৪০টি ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে পর্যাপ্ত পরিমাণ লবণ সরবরাহ করা হয়, যেন তারা কোরবানির পশুর চামড়া দ্রুত ও সঠিকভাবে সংরক্ষণ করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানা বলেন, “প্রতিবার কোরবানির পর চামড়ার যথাযথ সংরক্ষণের অভাবে বড় ধরনের ক্ষতি হয়। এবার যাতে এই সমস্যা না হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে আমরা এই লবণ বিতরণ করছি। এতে করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে পারবে এবং দেশের চামড়া শিল্পও লাভবান হবে।”
লবণ গ্রহণকারী এক মাদরাসা সুপার বলেন,
“আমরা প্রতিবছর ঈদের সময় লবণের সংকটে পড়ি। এবার আগেভাগে লবণ পেয়ে আমরা কৃতজ্ঞ। এটি আমাদের জন্য অনেক সহায়ক হবে।”
প্রতিবছর কোরবানির ঈদে সারা দেশে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়ে থাকে, যার সিংহভাগ আসে কোরবানির প্রথম দুদিনে। চামড়া সংরক্ষণের অন্যতম উপাদান হচ্ছে লবণ। তাই সময়মতো ও প্রয়োজন অনুযায়ী লবণ সরবরাহ অত্যন্ত জরুরি।
এ বছর সরকারের নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন উপজেলা প্রশাসনের মাধ্যমে আগেভাগেই লবণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
