আ স ম রবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি এসেছি: তানিয়া রব

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেছেন, “আপনাদের নেতা আ স ম রব সাহেব অসুস্থ। তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমি এসেছি। রব সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাকে তারা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

রবিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট কোডেক কলোনিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানিয়া রব বলেন, “বিগত দিনে টাকা ছাড়া সরকারের কোনো সেবা পাওয়া যায়নি। আমি কথা দিচ্ছি— মা-বোনদের সরকারি সেবা পেতে আর টাকা দিতে হবে না। আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমি সবসময় কাজ করে যাব।”

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুট করেছে। কিন্তু এ অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমরা টেকসই উন্নয়ন চাই— এমন উন্নয়ন, যা মানুষের জীবনে পরিবর্তন আনে।”

তিনি আরও বলেন, “আ স ম রব ৪০ বছর আগে নদীভাঙন থেকে রক্ষার জন্য মতিরহাট বাজারে পরীক্ষামূলক ব্লক বাঁধ দিয়েছিলেন, তা আজও টিকে আছে। কিন্তু পরবর্তী সরকারগুলো উন্নয়নের নামে পুকুরচুরি করেছে। জনগণের পকেট কেটে উন্নয়ন দেখানো আর চলবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জামান দিবা, জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, উপজেলা কমিটির সহসভাপতি খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহ্বায়ক শিব্বির মাহমুদ দেওয়ান ও আবুল বাছেত খোকন প্রমুখ।

প্রসঙ্গত, তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের স্ত্রী। তিনি লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জোটগতভাবে আলোচনায় রয়েছেন।