
মোঃ মুক্তার হোসেন শাহীন, নিজস্ব প্রতিবেদক :
জমে উঠেছে দেশের দক্ষিণ বঙ্গের যশোর জেলার শার্শা উপজেলার দক্ষিণে কায়বা ইউনিয়নাধীন শার্শা সীমান্তে এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সীমান্তের মধ্যবর্তী স্থান “বেলতলা” আমের বাজার। এবছর আমের বাম্পার ফলন হওয়াতে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে উঠে আসছে বিভিন্ন জাতের আম। বেলতলা বাজার হতে বানিজ্যিক ভাবে এসব আম ক্রয় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাইকাররা।
তবে, এবারের চিত্র ভিন্নতা দেখা দিয়েছে, আম ভাঙ্গার প্রথম দিকে কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার কয়রা,ঝাউডাঙ্গা ও কলারোয়া এবং যশোরের মনিরামপুর,ঝিকরগাছা ও শার্শা উপজেলার কিছু অংশে আমের ব্যাপক খয়ক্ষতি হয়েছে। এবছর মে মাসের ৪ তারিখ হতে যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আম ভাঙ্গার তারিখ নির্ধারন করা হয়েছে। ফলে, আমচাষী/ বাগান মালিকেরা একযোগে আম ভাঙ্গতে শুরু করেছে, চাহিদার তুলনায় যোগান বেশি হওয়াতে আমের মন প্রতি বাজার মূল্য প্রকার ভেদে ১০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত হয়েছে। যা গত বছরের তুলনায় কিছুটা কম।
এই মূল্য হ্রাসের কারণে খুশী নন আমচাষীরা। শার্শার টেংরা গ্রামের আমচাষী আবুল কাসেম ও সাবিরুল বলেন, বর্তমান আমের বাজার মূল্য গতবছরের চেয়ে কম, লোকসানে পড়তে হবে আম চাষিদের। তবে, আসছে দিন, যখন হিমসাগর,লেংড়া ও আম্রপালি ভাঙা শুরু হবে তখন আমের বাজার মূল্য বাড়তে পারে বলে মন্তব্য করেছেন তারা।
