“আদালত ভবনের লিফট বিপদে: ১০ বিচারপ্রার্থী আটক, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ”!

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের লিফটে আটকা পড়েছেন ১০ জন বিচারপ্রার্থী।

গত রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের আসার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহযোগিতায় ২০ মিনিট পর আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। 

তিনি জানান, আদালত চলাকালে নিচতলা থেকে ৬ তলার দিকে যাচ্ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। 

জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমদ ফেরদাউস মানিক বলেন, ‘কোর্ট ভবনে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে লিফট স্থাপন করা হয়েছে। শুরু থেকেই লিফটে ত্রুটি দেখা দেয়। বারবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের ৪তলার লিফটে ১০ জন আটকা পড়েন। আমাদের খবর দেওয়া হলেও আমরা পৌঁছার আগেই স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।’